ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা

ads

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে পুলিশ। একইসঙ্গে বাড়ির আশপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সাদা পোশাকে পুলিশ সদস্যদের টহল রয়েছে।


পুলিশ বলছে, সাবেক এই মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তিনি কোনো নিষিদ্ধ সংগঠনের ব্যানারে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। বুধবার (৪ জুন) রাতে প্রায় ১৩ মাস কারাভোগ শেষে মুক্তি পান আইভী। পরে তিনি রাতেই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ ফেরেন। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং কেন্দ্রীয় কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করেন। মুক্তির পর থেকেই তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের ভাষ্য, রাতেই বাড়ির সামনে ও আশপাশের সড়কে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়।


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আইভীর নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে কেউ যুক্ত হয় কি না, সেটিও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।


তিনি আরও বলেন, আইভী জামিনে থাকায় তিনি স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবেন, তবে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। পুলিশের এই কর্মকর্তা জানান, পুরো নারায়ণগঞ্জজুড়ে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার আওতায় প্রায় ২ হাজার ক্যামেরা বসানো হবে।


এদিকে মুক্তির পর বৃহস্পতিবার সকাল থেকে আইভীর বাড়িতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আসতে শুরু করেন। তবে পরিবারের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তাজনিত কারণে সাক্ষাৎ সীমিত রাখার চেষ্টা করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page